ফের বিপর্যস্ত দুধিয়ার যোগাযোগ ব্যবস্থা। বন্ধ মিরিকের সাথে যোগাযোগ।
টানা বৃষ্টির জেরে ফের বড়সড় বিপর্যয় দুধিয়ায়। বালাসন নদীর জলস্তর বাড়তেই ভেঙে পড়েছে দুধিয়ায় তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতু। এর ফলে ফের ধাক্কা খেল শিলিগুড়ি–মিরিক যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল সকাল থেকেই পাহাড়ে একটানা বৃষ্টিপাতের কারণে বালাসন নদীতে জল ও স্রোত ক্রমশ বাড়তে থাকে। প্রবল জলের তোড়ে অস্থায়ী সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়ে। ফলে এই পথে যান চলাচল নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে বালাসন নদীর প্রবল স্রোতে দুধিয়ার পুরনো লোহার সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল। চলতি বছরও প্রবল বৃষ্টিতে ওই অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে এবার ফের ভারতীয় সেনার তৈরি বেইলি ব্রিজ ব্যবহার করার ব্যবস্থা করা হচ্ছে। তবে ভারী বোঝাই ট্রাকের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি যানবাহনের ছাদে অতিরিক্ত মালপত্র নিয়ে এই পথে না আসার জন্য চালকদের সতর্ক করা হয়েছে।
প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নতুন করে বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই মিরিক, দুধিয়া ও সংলগ্ন পাহাড়ি এলাকার যাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
Kolkata, Kolkata | Sep 11, 2026