সুরেন্দ্রনাথ ল কলেজে রাতভর বিক্ষোভ, ভাইস প্রিন্সিপালকে ঘেরাও পড়ুয়াদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপস্থিতির হার নিয়ে কলেজের নতুন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ। ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না—কলেজ কর্তৃপক্ষের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। বৃহস্পতিবার রাতভর কলেজের ভাইস প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।
দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার আগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, উপস্থিতির হার কম থাকার কারণে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। তাঁদের আরও দাবি, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভাইস প্রিন্সিপালের পদত্যাগ করতে হবে। শুক্রবারই পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পড়ুয়াদের অভিযোগ, উপস্থিতির হার কম দেখানোয় বহু পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন। তাঁদের দাবি, পরীক্ষায় বসার সুযোগ না পেলে ভবিষ্যতে তাঁদের শিক্ষাজীবনে বড়সড় প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে রাতভর কলেজ চত্বরে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা।
কলেজ সূত্রে জানা গিয়েছে, VRP মডেলের মাধ্যমে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করা হয়। গত জুন মাসেই উপস্থিতির হার প্রকাশ করা হয়েছিল এবং পড়ুয়ারা নিজেদের উপস্থিতির হার দেখার সুযোগ পেয়েছিলেন।
অন্যদিকে, ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, কলেজে পুলিশ ঢুকবে না বলেও জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল।
তবে আশ্বাস সত্ত্বেও রাতভর বিক্ষোভ থামেনি। ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সুরেন্দ্রনাথ ল কলেজের পড়ুয়ারা। ফলে উপস্থিতির নিয়ম ঘিরে কলেজ চত্বরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।