ভুটানে ড্যাম ভাঙার আতঙ্ক! সংকোশ নদী তীরবর্তী গ্রামে হাই অ্যালার্ট জারি করলেন বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও
কুমারগ্রাম, আলিপুরদুয়ার:বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার আশঙ্কা! ভুটানে একটি বাঁধ ভেঙে যাওয়ায় যে কোনও মুহূর্তে ফুঁসে উঠতে পারে সংকোশ নদী। এই পরিস্থিতিতে কুমারগ্রামবাসীর জন্য জরুরি সতর্কতামূলক বার্তা দিলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।
আজ এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, "কুমারগ্রামবাসীর জন্য একটি খবর, একটা সতর্কতামূলক বার্তা। যতটুকু পারবেন আপনারা যে যা পারছেন সবাই সতর্ক করে দেবেন। বিশেষ করে সংকোশ লাগোয়া যে ফরেস্ট ভিলেজ এবং গ্রামগুলো আছে।"
যেসব এলাকায় সতর্কতা জারি:
মন্ত্রী জানান, সংকোশ নদী লাগোয়া ফরেস্ট সংকোশ, ফরেস্ট ভিলেজ, এনকেএস, সংকোশ বাগান, কুমারগ্রামের কিছু অংশ, চ্যাংমারি, ভোলকা বারোশো এক, ভোলকা বারোশো দুই এবং পাকরিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায় যারা সংকোশের ধারে বসবাস করছেন, তাঁদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আর মাত্র ১-দেড় ঘণ্টা:
মন্ত্রীর কথায়, "ভুটানের উপরে একটি ড্যাম ভেঙে গেছে। হয়তো আর এক-দেড় ঘণ্টার মধ্যেই পুরো জলটাই নেমে আসবে। ৬০-৭০ কিলোমিটার মতো মোটামুটি একটা ডিসটেন্স আছে। যে যা পারুন, খবর দিয়ে ওই লাগোয়া এলাকার থেকে মানুষদেরকে সাইডে নিয়ে আসুন।"
তিনি আরও বলেন, পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যেতে পারে। নেপালের মতো পরিস্থিতি যাতে এখানে না হয়, তার জন্য আগাম সতর্কতা নেওয়া জরুরি।
বন্যপ্রাণী নিয়ে সতর্কতা:
বন্যার জলের সঙ্গে বন্যপ্রাণী, বিশেষ করে হাতি লোকালয়ে চলে আসার আশঙ্কাও প্রকাশ করেছেন মন্ত্রী। "ওয়াইল্ড লাইফ ডিস্টার্ব হবে, হয়তো হাতিও বেরিয়ে আসতে পারে," বলেন তিনি।
এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে সবাই ঝাঁপিয়ে পড়েছে বলে জানান মন্ত্রী। প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূরে থাকা মানুষদেরও ফোন করে সংকোশ পাড়ের বাসিন্দাদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে গুজবে কান না দেওয়ারও অনুরোধ করেছেন বনমন্ত্রী। সকলে একজোট হয়ে সতর্ক থাকলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
#monojkumarorao