শোকের মাঝেও সম্প্রীতির সুর,বেহালা থানার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে স্মরণ চোরবাগান কাণ্ডের নিহতদের
বেহালা, কলকাতা: উৎসবের আলো নিভে গেলেও, দায়িত্ব আর মানবিকতা ভোলেনি খাকি উর্দি। দক্ষিণ-পশ্চিম বিভাগ, কলকাতা পুলিশের উদ্যোগে বেহালা থানার পরিচালনায় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হলো এক আবেগঘন ও হৃদয়স্পর্শী বিজয়া সম্মিলনী।
বেহালা থানা এলাকার শতাধিক দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে BDS প্রাঙ্গণ আজ পরিণত হয়েছিল এক মিলনমেলায়। একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়, কোলাকুলির মাঝেই ছিল এক অন্যরকম গাম্ভীর্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার, দক্ষিণ-পশ্চিম বিভাগের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকবৃন্দ, বেহালা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং এলাকার বিশিষ্টজনেরা।
তবে এদিনের অনুষ্ঠানের সবচেয়ে মর্মস্পর্শী মুহূর্ত ছিল শ্রদ্ধাজ্ঞাপন।পুজোর আনন্দের মাঝে চোরবাগান কাণ্ডে যে সকল দর্শনার্থী প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত সকলে দাঁড়িয়ে নতমস্তকে শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সকল পুজো উদ্যোক্তারা। মুহূর্তেই উৎসবের মঞ্চ হয়ে ওঠে শ্রদ্ধার মঞ্চ।
নীরবতা পালনের পর বিধায়ক শংকর শিকদার বলেন, "উৎসব মানে শুধু আনন্দ নয়, একে অপরের পাশে থাকা। যাঁরা আমাদের ছেড়ে চলে গেলেন, তাঁদের আমরা ভুলিনি। আবার, যাঁরা এই পুজোকে সফল করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাতেই আজকের এই মিলন।"
এরপর পুজোর সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও প্রশাসনকে সহযোগিতার জন্য সকল পুজো কমিটিকে ধন্যবাদ জানায় বেহালা থানা।
অনুষ্ঠানের শেষে ছিল নৈশভোজের আয়োজন। খাওয়া-দাওয়ার সাথে সাথে আগামী বছরের পুজোকে আরও নিরাপদ ও সুন্দর করে তোলার অঙ্গীকারে আবদ্ধ হলো পুলিশ ও পুজো কমিটিগুলি।