*নারায়ণপুরে গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা! বেপরোয়া বোলেরোর ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটো ও বাইক, হাসপাতালে ভর্তি ১*
Bengal icon news রাতের অন্ধকারে বেপরোয়া গতির জেরে বড়সড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং বাইকে সজোরে ধাক্কা মারল একটি বোলেরো গাড়ি। গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ লাগোয়া নারায়ণপুর এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
স্থানীয় সূত্রে জানা যায়,
রাত্রি ঠিক পৌনে ১২টা নাগাদ নারায়ণপুরের উজ্জ্বল প্যালেসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বকখালির দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল একটি বোলেরো গাড়ি। উজ্জ্বল প্যালেসের সামনে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
নিয়ন্ত্রণহীন গাড়িটি সোজাসুজি গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় যান দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গভীর রাতে প্রবল শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে গাড়িটি এভাবে নিয়ন্ত্রণ হারাল, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।