নবগ্রামে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান একাধিক তৃণমূল কর্মীর। দলবদলের জেরে হজবিবিডাঙা পঞ্চায়েতে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা।
মুর্শিদাবাদ জেলার নবগ্রামে ফের রাজনৈতিক দলবদল। পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন হজবিবিডাঙা ও রসুলপুর অঞ্চলের একাধিক সদস্য ও সদস্যা।
এই যোগদানের ফলে বিশেষ করে হজবিবিডাঙা পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে।
জানা গিয়েছে, আগে এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৮ এবং কংগ্রেসের ছিল ৬। কিন্তু দলবদলের পর বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৮ এবং তৃণমূলের কমে দাঁড়িয়েছে ৬।
ফলে হজবিবিডাঙা পঞ্চায়েতের ক্ষমতা কংগ্রেসের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এ বিষয়ে নবগ্রাম ব্লকের পশ্চিম জোনের কংগ্রেস ব্লক সভাপতি মীর বাদাম আলী জানান, খুব শীঘ্রই হজবিবিডাঙা পঞ্চায়েত কংগ্রেসের দখলে আসবে বলে তারা আশাবাদী।
তবে শেষ পর্যন্ত পঞ্চায়েতের ক্ষমতা কার হাতে যায়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
#murshidabaddistrict #nobogram #WestBengal #kolkata #nationalcongressparty