গদাই কর্মকার মালদা : অল্পের জন্য রক্ষা।
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিশু উদ্যানে খেলতে আসা শিশুরা। শনিবার বিকেলে আচমকাই বিশাল আকৃতির একটি শিশু গাছের মোটা ডাল ভেঙে পড়ে পার্কের একাংশ এবং রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয় পার্কের দেওয়াল ঘেসা আস্থা যোগাসন কেন্দ্রের একাংশ। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মাধবনগর বাঁধ রোড এলাকায়। গাছ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে বাঁধ রোড।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আরও কয়েকটি বড় ও পুরনো গাছ রয়েছে। প্রশাসনের উদ্যোগে দ্রুত দুর্বল গাছগুলি চিহ্নিত করে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বাঁধ রোডের দু’পাশে রয়েছে দুটি পার্ক। বিকেল হলেই সেখানে বহু শিশু খেলাধুলা করে। পাশাপাশি প্রতিদিন প্রাতঃভ্রমণ ও সান্ধ্যভ্রমণে বের হন বহু মানুষ। ভিড়ের সময় এই ধরনের বড় গাছ ভেঙে পড়লে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত রাস্তা পরিষ্কার করার পাশাপাশি বিপজ্জনক গাছগুলি কেটে নিরাপদ পরিবেশ তৈরির জন্য স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।