খোয়াইয়ে ছয় মাসেও শেষ হয়নি পেপার ব্লকের কাজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
খোয়াই: দীর্ঘদিন ধরে খোয়াই অফিসটিলা থেকে বিভিন্ন রাস্তার পাশে পেপার ব্লক নির্মাণের কাজ চললেও প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ উঠেছে। কাজ অসম্পূর্ণ থাকায় রাস্তার সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একাধিক বড় বড় গর্ত। ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বৃষ্টির সময় ওই গর্তগুলিতে জল জমে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের।
অন্যদিকে, রাস্তার পাশে থাকা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও সমস্যার সম্মুখীন হচ্ছে। গর্ত, কাদা ও জল জমে থাকার কারণে ক্রেতাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে এবং ব্যবসায়ও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের আরও অভিযোগ, পেপার ব্লক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বুধবার গোটা বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন এক ব্যবসায়ী। তাঁর দাবি, অতি দ্রুত পেপার ব্লক নির্মাণের কাজ সম্পন্ন করে রাস্তার পাশের গর্তগুলি মেরামত করা হোক, যাতে দুর্ঘটনা এড়ানো যায় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমে।