হাইকোর্টের কড়া নির্দেশ: ১,১১৬ PGT শিক্ষক ও ২,১৯৩ GT পদ দ্রুত পূরণের নির্দেশ
রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে আদালত জানিয়েছে, অবসর, মৃত্যু, পদত্যাগ বা চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণে শিক্ষক পদ ‘ল্যাপ্স’ হয়ে যায় না। তাই নতুন করে পদ সৃষ্টির প্রক্রিয়াকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করে ১,১১৬টি শূন্য PGT পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।GT পদ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালতের নথি অনুযায়ী, অবসর, মৃত্যু, পদত্যাগ বা চাকরি শেষ হওয়ার কারণে ২,১৯৩টি Graduate Teacher পদ শূন্য রয়েছে। অথচ মাত্র ২৩০টি পদ পূরণের জন্য TRBT-কে রিকুইজিশন দেওয়া হয়েছিল। কেন এত কম সংখ্যক পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এছাড়া ২৩০টি পদের নিয়োগে সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে SLP চললেও, সেখানে পদ পূরণে কোনও স্থগিতাদেশ নেই বলে আদালত উল্লেখ করেছে। পড়ুয়াদের স্বার্থে SLP-এর ফলাফলের অধীনেই নিয়োগের বিষয়ে পরবর্তী শুনানির আগেই সিদ্ধান্ত নিতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালে তৈরি করা ৭০০টি Graduate Teacher পদে নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই মামলায় স্বতঃপ্রণোদিতভাবে TRBT-এর চেয়ারম্যানকে Respondent No. 5 হিসেবে যুক্ত করা হয়েছে এবং পরবর্তী শুনানির মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার হলফনামা জমা দিতে বলা হয়েছে।
শুধু শিক্ষক নয়, ১৬২টি Headmaster, ১০০টি Assistant Headmaster এবং High School-এ আরও ৩০৪টি Headmaster পদ পূরণেরও নির্দেশ দিয়েছে আদালত।
মামলাটি পরবর্তী শুনানির জন্য ২১ সেপ্টেম্বর ২০২৬ তালিকাভুক্ত করা হয়েছে।
Ambassa, Dhalai | Sep 11, 2026