আইসিডিএস কেন্দ্রে খাবারে টিকটিকি। বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়ল ৪৫ জন শিশু।
অসুস্থদের নিয়ে আসা হল হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটলেন ওন্দার বিধায়ক অমর নাথ শাখা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম পঞ্চায়েত এলাকার ধান্দা আই সিডিএস কেন্দ্রে । জানা গেছে অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে রান্না করা খাবার দেওয়া হয় ধান্দা আইসিডিএস কেন্দ্র থেকে। সেই খাবারের মধ্যেই দেখা যায় টিকটিকি। ততক্ষণে অনেকেই সেই খাবার খেয়ে ফেলে। খাবারে টিকটিকি পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই একের পর এক শিশু অসুস্থ বোধ করতে শুরু করে। অনেকে বমি করতে থাকে । এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপরই অসুস্থ একের পর এক শিশুকে নিয়ে আসা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে শিশুদের চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক অমর নাথ শাখা। শিশুদের শারিরীক অবস্থার খোজ খবর নেন তিনি। বিধায়ক জানিয়েছেন শিশুদের বেশিরভাগের অবস্থাই স্থিতিশীল। আতঙ্কের কারনে অনেকে অসুস্থ হয়ে পড়েছে বলে জানান বিধায়ক।