শিল্পের রঙে পরিবেশবান্ধব পুজোর বার্তা, SB পার্কে আর্ট ওয়ার্কশপের আয়োজনে OAR India ও SB পার্ক দুর্গোৎসব কমিটির
EBC NEWS | SB পার্ক, ১০ই অক্টোবর
উৎসব হোক আনন্দের, কিন্তু দূষণমুক্ত। দুর্গাপুজোর আনন্দের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাকে মিলিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা OAR India (Our Association of Remedy) এবং SB পার্ক দুর্গোৎসব কমিটি।
শুক্রবার, ৯ অক্টোবর সকাল ৯টা থেকে SB পার্ক দুর্গাপুজো মণ্ডপের পাশের গলিতে আয়োজন করা হয় এক বিশেষ আর্ট ওয়ার্কশপের। এবারের ভাবনা ছিল - "শিল্পের রঙে সাজুক উৎসব, সচেতনতার বার্তায় সুন্দর হোক পরিবেশ।"
কী ছিল কর্মশালায়?
আয়োজকদের পোস্টারে স্পষ্ট বার্তা ছিল, এবারের পুজো হোক সম্পূর্ণ পরিবেশবান্ধব।
দূষণমুক্ত পরিবেশ গড়ি
প্লাস্টিক ও আবর্জনা বর্জন করি
বেশি করে গাছ লাগাই
পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ বজায় রাখি
শিল্প হোক আনন্দের, উৎসব হোক পরিবেশবান্ধব।
কর্মশালায় রাস্তার উপর আলপনা ও রঙিন অঙ্কনের মাধ্যমে প্লাস্টিক বর্জন, আবর্জনামুক্ত পরিবেশ এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। শিল্পীদের হাতের ছোঁয়ায় পুজো মণ্ডপের পাশের সাধারণ গলিটাই হয়ে ওঠে এক টুকরো আর্ট গ্যালারি। রাস্তার উপর এত সুন্দর আলপনা দেখে মুগ্ধ পথচলতি মানুষ। অনেকেই দাঁড়িয়ে ছবি তোলেন।
উপস্থিত ছিলেন যাঁরা
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SB পার্ক দুর্গোৎসব কমিটির সকল সদস্য এবং OAR INDIA স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
OAR India-র তরফে জানানো হয়েছে, "দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতি। আর এই সংস্কৃতির সঙ্গে যদি পরিবেশ রক্ষার বার্তা জুড়ে দেওয়া যায়, তাহলে আগামী প্রজন্ম আরও সচেতন হবে। তাই শিল্পকলাকে মাধ্যম করেই আমরা মানুষকে সচেতন করতে চাই।"
পুজোর আগেই এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।