রাস্তার অবস্থা বেহাল, নতুন রাস্তার দাবিতে কাদাময় রাস্তায় ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা যায় হরিহরপাড়া ব্লকের চোঁয়া গ্রাম পঞ্চায়েতের ললিতপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থা। বর্ষা এলেই জল জমে কাদা হয় রাস্তায়। জল জমে থাকায় ছোট ছোট বাচ্চারা বাড়ি থেকে বেরোতে ও স্কুলে যেতে সমস্যায় পড়ে বলে অভিযোগ। কাদা রাস্তায় ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় বয়স্কদেরও। বুধবার সকালে নতুন রাস্তার দাবিতে স্থানীয়দের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। তারা দাবি তোলেন বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েতে জানানোর পরেও কোন সুরাহা হয়নি। তাই তারা বিক্ষোভে সামিল হয়েছেন।