সল্টলেকে আচমকা পরিদর্শনে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধাননগর পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন তিনি। পরিদর্শনে রাস্তার ফুটপাত দখল করে পার্কিং, দোকান-সহ নানা ধরনের বেআইনি দখলের ছবি সামনে আসে।
ফুটপাত দখলমুক্ত করতে সরাসরি কড়া নির্দেশ দেন মন্ত্রী। কোথাও ফুটপাতের উপর গাড়ি পার্কিং, আবার কোথাও ফুটপাত দখল করে বসেছে দোকান—এমন অভিযোগ খতিয়ে দেখেন তিনি। সাধারণ মানুষের চলাচলের জন্য নির্দিষ্ট ফুটপাত কেন দখল হয়ে রয়েছে, তা নিয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জানতে চান অগ্নিমিত্রা পাল।
পরিদর্শনের পর মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত দখল সরিয়ে ফুটপাত খালি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নগর উন্নয়ন মন্ত্রীর আচমকা এই পরিদর্শনে কার্যত নড়েচড়ে বসেছে বিধাননগর পৌর নিগমের প্রশাসন। ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলাই এখন মূল লক্ষ্য বলে বার্তা দিয়েছেন মন্ত্রী।