ব্যালট পেপারে ভোটে নতুন নেতৃত্ব পেল উদয়পুর প্রেসক্লাব।
উদয়পুর প্রতিনিধি:
সোমবার উদয়পুরের কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে সাংবাদিক মহলে নতুন বার্তা দিলো। এই প্রথমবার ব্যালট পেপারে ভোট গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল উদয়পুর প্রেসক্লাব। সোমবার উদয়পুর জেলা পরিষদের কনফারেন্স হলে আগাম প্রচার ও ঘোষণা অনুযায়ী উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে ব্যালট পেপারে ভোটগ্রহণের পর নিয়ম মেনে ভোট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের নেতৃত্ব বেছে নেওয়ার এই প্রক্রিয়াকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনের ফলাফল অনুযায়ী উদয়পুর প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মধুসূধন সাহা। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজীব ভৌমিক এবং কোষাধ্যক্ষ হয়েছেন বিট্টু মজুমদার। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাপস মজুমদারও সোমেন সেন। সহ-সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন প্রসেনজিৎ দে
সুজিত সাহা ও দিপা সরকার। অফিস সম্পাদক এর দায়িত্বে তনয়দ্বীপ রায় ।
পাশাপাশি উপদেষ্টা কমিটিতে রয়েছেন সুব্রত দেব, স্বপন ভট্টাচার্য্য, অঞ্জন বিশ্বাস, গৌতম চক্রবর্তী ও প্রাক্তন প্রেসক্লাব সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্য সদস্য সদস্য। উদয়পুর প্রেস ক্লাবের এই নির্বাচন শুধু নতুন একটি কমিটি গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও। সংবাদমাধ্যম বরাবরই গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার কথা বলে। সেই সাংবাদিকরাই এবার ব্যালট পেপারে ভোট দিয়ে নিজেদের নেতৃত্ব নির্বাচন করলেন। ফলে প্রেস ক্লাবের অভ্যন্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব বেছে নেওয়ার এই উদ্যোগ উদয়পুরের সাংবাদিক মহলে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান উপস্থিত সাংবাদিকরা। নতুন কমিটির কাছে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি এবং প্রেস ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে উদয়পুর প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্যালট পেপারে ভোট, শান্তিপূর্ণ নির্বাচন এবং সাংবাদিকদের অংশগ্রহণ—সব মিলিয়ে উদয়পুর প্রেস ক্লাবের এই নির্বাচন শুধু নতুন নেতৃত্বের সূচনা নয়, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও একটি নতুন বার্তা দিয়ে গেল।