৬ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক মার্কেট ভবন নির্মাণের উদ্যোগ কাঞ্চনপুরে! কালীপুজোর পরই স্থানান্তরিত হবেন ব্যবসায়ীরা, নতুন ভবনে থাকবে প্রায় ৮০টি স্টল !!
উন্নয়নের নতুন দিশায় এগিয়ে চলেছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমা। দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার অবসান ঘটিয়ে কাঞ্চনপুর সদর বাজারকে একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে বড়সড় উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে প্রায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক মার্কেট ভবন। এই নতুন মার্কেট ভবনে থাকবে প্রায় ৮০টি স্টল।এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শুক্রবার নবনির্মিত দুর্গামণ্ডপে কাঞ্চনপুর বাজার কমিটির উদ্যোগে পুরনো বাজারের ব্যবসায়ীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, কালীপুজোর পর পুরনো বাজারের ব্যবসায়ীদের সাময়িকভাবে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হবে। এরপর শুরু হবে নতুন মার্কেট ভবন নির্মাণের কাজ। নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য নতুন স্টল বরাদ্দ করা হবে।এদিনের সভায় উপস্থিত ছিলেন কাঞ্চনপুর বাজার কমিটির সভাপতি মোহনলাল নাথ, সম্পাদক টাবলু বড়ুয়া, হিমাদ্রি পাল-সহ বাজার কমিটির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীরা।সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। বাজার কমিটির সম্পাদক টাবলু বড়ুয়া বর্তমান রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করে জানান, অত্যাধুনিক মার্কেট ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হলে কাঞ্চনপুর শহরের বাণিজ্যিক পরিকাঠামোয় এক আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা আরও উন্নত ও সুসংগঠিত পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।দীর্ঘদিনের পুরনো বাজারের পরিকাঠামো বদলে আধুনিক মার্কেট ভবন গড়ে ওঠার এই উদ্যোগ বাস্তবায়িত হলে কাঞ্চনপুর শহরের বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ী মহল।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura
Kanchanpur, North Tripura | Nov 6, 2026