কাকরাবন থানার অন্তর্গত রানী মাইল্লা চৌমুহনী এলাকায় রাবারের স্মোক হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা প্রায় ২টা ১০ মিনিট নাগাদ আবুল হোসেনের স্মোক হাউজে রাবারে ধোয়া দেওয়ার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় সাড়ে ৩ থেকে ৪ কুইন্টাল রাবার শীটে আগুন ধরে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং কাকরাবন ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, তবে তার আগেই অধিকাংশ রাবার শীট আগুনে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে বিকেল পৌনে ৪টা নাগাদ স্মোক হাউজে আবারও আগুন জেগে ওঠে। সঙ্গে সঙ্গে আবারও কাকরাবন দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
ভরদুপুরে স্মোক হাউজে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।