*২৪ ঘণ্টার উৎকণ্ঠার অবসান: পরীক্ষা শেষে সোজা বিয়ের পিঁড়িতে নিখোঁজ ইকফাই কলেজছাত্রী! পুলিশের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে মেয়ের খোঁজ পেল খোয়াইয়ের পরিবারটি!*
ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট:
ইকফাই (ICFAI) ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিএমএলটি (ব্যাচেলর অব মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি)পাঠরত ছাত্রীর রহস্যজনক নিখোঁজ কাণ্ডের অবশেষে নাটকীয় যবনিকা ঘটল। দীর্ঘ প্রায় চব্বিশ ঘণ্টার উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে নিখোঁজ যুবতীর সন্ধান মিলল একেবারে বিয়ের পিঁড়িতে! পরিবারকে কিছু না জানিয়ে সোজা হবু বরের হাত ধরে বিয়ে পিঁড়িতে বসলেও, মেয়ে সুস্থ্য আছে তা জেনে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বাঁচল পরিবারটি।
জানা গেছে, যুবতীর বাড়ি খোয়াই থানার অধীন লালছড়া এলাকায়। বাবা পেশায় একজন গাড়ি চালক। পড়াশোনার সুবাদে যুবতী আগরতলার হলিক্রস কলেজের পাশে এক আত্মীয়ের বাড়িতে থেকে বিএমএলটি নিয়ে পড়াশোনা করছিলেন। পরিবারের সদস্যরা জানান, বুধবার ইকফাই ইউনিভার্সিটিতে তাঁর পরীক্ষা ছিল। কিন্তু দুপুর ২:৩০ মিনিটের পর থেকে তাঁর মোবাইল ফোন আচমকা বন্ধ হয়ে যায় এবং পরীক্ষা শেষে আর বাড়ি ফেরেননি তিনি। সব জায়গায় খোঁজাখুঁজির পর বুধবার রাত ৮টা নাগাদ আগরতলার লেফুঙ্গা থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত মিসিং ডায়েরি করা হয়। অভিযোগ, মিসিং ডায়েরি করা হলেও প্রথমদিকে লেফুঙ্গা থানা থেকে কোনো রকম সদুত্তর বা জোরালো উদ্ধার তৎপরতা মেলেনি। দিকবিদিক শূন্য হয়ে অসহায় পরিবার একাধিক থানার দ্বারে দ্বারে ঘোরার পর অবশেষে বিষয়টি সরাসরি খোয়াইয়ের অ্যাডিশনাল এসপি-কে জানান। পুলিশ ও প্রশাসনিক তৎপরতার মাঝেই অবশেষে খোঁজ মেলে নিখোঁজ যুবতীর। জানা যায়, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে সোজা বিয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি এবং দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেয়ে সুস্থ রয়েছে এবং নিজের সিদ্ধান্তেই বিয়ে করেছে জানতে পেরে দীর্ঘ টানটান উত্তেজনার পর কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন লালছড়ার ওই পরিবার।