ভূতনীর ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভূতনীর ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার মালদায় এলেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। হেলিকপ্টারে করে বেলা ১২টা নাগাদ মালদায় পৌঁছন রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন।
মালদা বিমানবন্দরে অবতরণের পর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠকে মূলত ভূতনীর বন্যা পরিস্থিতি, দুর্গতদের উদ্ধার, ত্রাণ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা-সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে আকাশপথে বন্যাকবলিত ভূতনীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের আধিকারিকরা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিস্থিতি, জলবন্দি মানুষের অবস্থা এবং প্রশাসনের উদ্ধার ও ত্রাণ তৎপরতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তাঁরা।
উল্লেখ্য, গঙ্গার জলস্তর বৃদ্ধি এবং বন্যার জেরে মানিকচকের ভূতনীর তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। জল ঢুকে পড়েছে বহু বাড়িঘরে। কোথাও কোথাও ঘরবাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। জলবন্দি মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দুর্গতদের জন্য ত্রাণ ও প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বন্যা পরিস্থিতির উপর প্রশাসনের তরফে লাগাতার নজরদারি চালানো হচ্ছে।
এদিকে, রাজ্যের শীর্ষ আধিকারিকদের সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, বন্যাকবলিত মানুষের দ্রুত উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনের বিষয়ে প্রশাসনের তরফে আরও কার্যকর পদক্ষেপ করা হবে।