গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কায় বানচাল হলো মাদক পাচারের বড়সড় ছক। প্রায় ৮২৫ গ্রাম হেরোইন সহ দুই কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করল ফারাক্কা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি বিলাসবহুল স্করপিও গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে ফারাক্কা থানার এসআই বশিষ্ঠ রায়ের কাছে গোপন সূত্রে মাদক পাচারের খবর আসে। সেইমতো এনটিপিসি নেতাজি সেতুর কাছে অতর্কিত অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় একটি সন্দেহজনক কালো রঙের স্করপিও গাড়ি আটকানো হয়। গাড়িটিতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের আটক করা হয়। তাদের কাছে তল্লাশি চালাতে উদ্ধার করা হয় ৮২৫গ্রাম হেরোইন।
ধৃতরা হলো
সুমন শেখ (২৭)বাড়ি সাহাবাজপুর, কালিয়াচক থানা, মালদা।
মোহাম্মদ সামিম আখতার ওরফে রাহুল (৩৩)বাড়ি দক্ষিণ লক্ষ্মীপুর, শেরশাহী, কালিয়াচক থানা, মালদা।
পুলিশি তল্লাশিতে স্করপিও গাড়িটির পিছনের বাঁদিকের লাইটের ভিতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা একটি সাদা স্বচ্ছ প্যাকেট উদ্ধার হয়। ওই প্যাকেটের মধ্যে উদ্ধার হয় হেরোইন। উদ্ধার হওয়া ওই মাদকের মোট ওজন ৮২৫ গ্রাম।