ক্যালেন্ডারের পাতায় কালীপুজো প্রায় দরজায় কড়া নাড়ছে! হাতে সময় আর মাত্র কয়েকটা দিন। তাই উৎসবের প্রস্তুতিতে এখন কার্যত দিন-রাত এক করে ফেলেছেন মৃৎশিল্পীরা। বহরমপুরে ধরা পড়ল সেই ব্যস্ততারই ছবি।
কেউ মাটির কাঠামোয় শেষ মুহূর্তের ছোঁয়া দিচ্ছেন, কেউ ব্যস্ত রং করতে, আবার কেউ ব্যস্ত মা কালীর সাজসজ্জায়। সকাল থেকে শুরু করে গভীর রাত, চলছে একটানা কাজ। খাওয়া-দাওয়ার সময় নেই, নেই বিশ্রামের অবকাশ। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও হাতে কাজ থামানোর কোনও উপায় নেই।
কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যেই তো মণ্ডপে পৌঁছে দিতে হবে প্রতিমা। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মাটির প্রতিমা। শুধু প্রতিমা তৈরি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে চলে আসা শিল্প, পরিশ্রম আর আবেগ।
একদিকে পুজোর আনন্দে অপেক্ষায় সাধারণ মানুষ, অন্যদিকে সেই আনন্দকে পূর্ণতা দিতে শেষ মুহূর্তের লড়াইয়ে ব্যস্ত বহরমপুরের মৃৎশিল্পীরা। রাত যত গভীর হচ্ছে, ততই যেন গতি বাড়ছে তাঁদের হাতে! এবার শুধু অপেক্ষা, মা কালীর আগমনের।