নদিয়ার তেহট্টে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষ
নদিয়ার তেহট্টের হাউলিয়া মোড়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, মহুয়ার আগমনের সময় বিজেপি কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন। পরে কর্মসূচি শেষে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার পর সমাজমাধ্যমে সরব হন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। অন্যদিকে, কর্মীসভা থেকে মহুয়ার বার্তা, এভাবে দলীয় কর্মসূচি বন্ধ করা যাবে না; একটি সভা বন্ধ করতে এলে আরও একাধিক সভা করা হবে।