সাগরদীঘিতে ভেজাল মশলার কারখানায় পুলিশি হানা, কৃত্রিম রং উদ্ধার, গ্রেফতার ১
Bengal icon news মুর্শিদাবাদ :গুঁড়ো মশলার আড়ালে চলছিল বিষের কারবার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাগরদীঘি থানার পুলিশ শনিবার কাবিলপুরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে বড়সড় ভেজাল চক্রের হদিশ পেল।
থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে দুটি গুঁড়ো মশলার কারখানায় তল্লাশি চালায়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানা দুটিতে লঙ্কা, হলুদ সহ বিভিন্ন মশলার সঙ্গে বিষাক্ত কৃত্রিম রং মিশিয়ে ভেজাল মশলা তৈরি করা হচ্ছিল।
অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল রং উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামায়ুন সেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
পুলিশের আশঙ্কা, এই ভেজাল মশলা বাজারে বিক্রি হলে সাধারণ মানুষের স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারত। উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় বটতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।