*টাকা না পেয়ে ক্ষোভ চরমে, এবার বিজেপি অফিসের সামনেই অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ আসানসোলে*
কাজল মিত্র
পশ্চিম বর্ধমান জুড়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ অব্যাহত। অভিযোগ, বারবার অনলাইন ও অফলাইনে আবেদন জমা দেওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই ইস্যুতে গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন মহকুমাশাসক ও বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন উপভোক্তারা। এবার সেই ক্ষোভ গিয়ে পড়ল বিজেপির দরজায়।
শুক্রবার সকালে আসানসোলের কুলটি বিধানসভা এলাকার ঘটনা। আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের আলডিহিতে থাকা বিজেপির পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। হঠাৎ এই বিক্ষোভকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা নিয়ম মেনে দুই পদ্ধতিতেই আবেদন করেছেন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল ১৭ই আগস্টের মধ্যেই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও এখন পর্যন্ত এক টাকাও পাননি।
এদিন বিক্ষোভরত মহিলাদের পাশে দাঁড়াতে দেখা যায় স্থানীয় বিজেপি কর্মী সোনালি বাউরিকে। তিনি জানান, যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা সকলেই এই প্রকল্প পাওয়ার যোগ্য। প্রয়োজনীয় সব নথি দিয়েই তাঁরা আবেদন করেছেন, কিন্তু ডিএম অফিস-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনও সুরাহা মেলেনি।
এই পরিস্থিতিতে তিনি কুলটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর আবেদন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যোগ্য উপভোক্তাদের দ্রুত অন্নপূর্ণা যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।