মালদা প্রতিদিন নিউজঃ মালদার মানিকচকের জোতপাট্টা,গোপালপুর ও রামনগর এলাকায় গঙ্গার ভয়াবহ ভাঙনে চরম আতঙ্ক ছড়িয়েছে নদীতীরবর্তী অঞ্চলে। বুধবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদা জেলা সিটু সম্পাদক দেবজ্যোতি সিনহা। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, চোখের নিমিষে গঙ্গার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা উর্বর কৃষিজমি। ক্রমাগত ভাঙনের ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু কৃষক ও নদীতীরবর্তী পরিবার।
অন্যদিকে, ভূতনির কেশরপুর কলোনি এলাকাতেও ভাঙন পরিস্থিতির অবনতি ঘটেছে।
এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় গঙ্গা ভাঙনের সমস্যা প্রকট আকার ধারণ করে। এর ফলে কৃষি, জীবিকা ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর মারাত্মক প্রভাব পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করার দাবি তুলেছেন তাঁরা।
ভাঙন পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন মালদা জেলা সিটু সম্পাদক দেবজ্যোতি সিনহা। এলাকা পরিদর্শনের পর তিনি বলেন,প্রতি বছর গঙ্গা ভাঙনে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। কিন্তু দীর্ঘদিন ধরেও এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এদিকে, গঙ্গার অব্যাহত ভাঙন ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে নদীতীরবর্তী অঞ্চলে। এখন প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষ।