শহর বোলপুরে এবার পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। অভিযুক্তকে ধরতে গিয়ে আচমকাই গুলির মুখে পড়েন পুলিশকর্মীরা। অভিযুক্তের ছোড়া গুলিতে পায়ে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে ধরতে গেলে সে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। গুলিবিদ্ধ কনস্টেবলকে তড়িঘড়ি উদ্ধার করে সহকর্মী পুলিশকর্মীরা বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
অন্যদিকে, ঘটনার খবর পেয়েই বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। শহরের ব্যস্ততম এলাকায় কর্তব্যরত পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কী কারণে এই ঘটনা এবং অভিযুক্তের পরিচয় কী, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
#BirbhumDistrict #birbhumzilaparishadfayezulhaque #bolpurshantiniketan #bolpurpolice