রামপুর এমভিআই চেকপোস্টে ফের বড়সড় অভিযান! ‘কিংপিন’ পাঁচু মণ্ডলকে গ্রেফতার করল অ্যান্টি-করাপশন ব্যুরো
আসানসোল কুলটি: রামপুর এমভিআই চেকপোস্টে গাড়ি পারাপারকে কেন্দ্র করে ঘুষের কারবারের অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ। জাতীয় সড়ক-১৯-এ অভিযান চালিয়ে চেকপোস্টের অন্যতম প্রধান দালাল হিসেবে পরিচিত পাঁচু মণ্ডলকে গ্রেফতার করল রাজ্যের অ্যান্টি-করাপশন ব্যুরো বা এসিবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থানা এলাকার পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, একটি পরিবহন গাড়ি পার করানোর নামে চালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচু মণ্ডল। তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
এই গ্রেফতারির পর রামপুর এমভিআই চেকপোস্টকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ ফের সামনে চলে এসেছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে এই চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক আটকানো, চালকের উপর ঘুষ দেওয়ার চাপ সৃষ্টি এবং বিলুপ্ত একটি করের নামে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর পরিবহন দপ্তরের পদক্ষেপে দুই আধিকারিক বরখাস্ত হন। তদন্তের দায়িত্ব পায় অ্যান্টি-করাপশন ব্যুরো। পরবর্তী সময়ে ওই দুই আধিকারিক-সহ একাধিক দালালকে গ্রেফতার করা হয়।
তবে সেই ঘটনার পরেও কি চেকপোস্টে দালালচক্রের প্রভাব পুরোপুরি বন্ধ হয়নি? এবার পাঁচু মণ্ডলের গ্রেফতারির পর সেই প্রশ্নই আরও জোরালো হচ্ছে।
তদন্তকারীদের নজরে এবার এই চক্রের সঙ্গে যুক্ত অন্য কারা? শুধু দালাল, নাকি এর পিছনে আরও প্রভাবশালী কোনও যোগ রয়েছে? তদন্ত যত এগোবে, ততই কি সামনে আসবে আরও বড় নাম?
এখন সেদিকেই নজর রয়েছে কুলটি-সহ গোটা শিল্পাঞ্চলের।
#asansoldistrict
Kolkata, Kolkata | Nov 13, 2026