"আমি বাঙালি"রেস্তোরাঁয় হানা পুরসভার, মিলল ছত্রাক ধরা চিকেন লেগ থেকে চিংড়ি!
কলকাতা:নামী বাঙালি রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা নিয়ে বড়সড় গাফিলতির ছবি ধরা পড়ল। রুটিন পরিদর্শনে গিয়ে পুরসভার খাদ্য সুরক্ষা আধিকারিকরা দেখতে পান, রান্নাঘরে মজুত থাকা চিকেন লেগ থেকে চিংড়ি — সবেতেই ছত্রাক ধরে গিয়েছে।
জানা গিয়েছে, এদিন দুপুরে পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের একটি দল শহরের ওই বাঙালি রেস্তোরাঁয় আচমকা পরিদর্শনে যায়। সেখানে ফ্রিজে সংরক্ষিত কাঁচা মাংস ও সামুদ্রিক খাবার পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ হয় আধিকারিকদের।
আধিকারিকরা জানান, ফ্রিজে রাখা চিকেন লেগের গায়ে সাদা ও কালো ছত্রাকের আস্তরণ পড়ে গিয়েছে। একই অবস্থা চিংড়িতেও। দীর্ঘদিন ধরে বাসি খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই ত্রুটি কোনও ক্রেতা ধরেননি, পুরসভার আধিকারিকদের নজরদারিতেই বিষয়টি সামনে আসে।
এরপরই ওই রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুরসভা। বিপুল পরিমাণ দূষিত খাবার বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে এবং রান্নাঘরের স্বাস্থ্যবিধি ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
পুরসভার তরফে জানানো হয়েছে, শহরজুড়ে বাঙালি রেস্তোরাঁগুলিতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।