নাবালককে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে তিনজনের যাবজ্জীবন, রায় লালবাগ মহকুমা আদালতের
২০২৪ সালের ২৬ নভেম্বর লালগোলার জগন্নাথপুর সাগিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের নাবালক পুত্র খেলতে যাওয়ার কথা বলে দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে বের হয়। বিকেল সাড়ে তিনটে নাগাদ তাকে শেষবার দেখা যায়। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন, ২৭ নভেম্বর ভোর সাড়ে পাঁচটা নাগাদ মকরচন্দ্র দাসের পুকুরের জলে ওই নাবালকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনায় লালগোলা থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা বিশ্বজিৎ দাস। তদন্তে নেমে পুলিশ পরবর্তীতে সুফল কুমার দাস, সঞ্জয় মণ্ডল ও সুভাষ কুমার দাস নামে তিনজনকে গ্রেফতার করে।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে শুক্রবার লালবাগ মহকুমা আদালতের দ্বিতীয় কোর্টে তিন অভিযুক্তকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে।
এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন কুনাল কান্তি ঘোষ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন শওকত আলী।