যাদবপুরে সিপিআই(এম)-এর বুক স্টলের শুভ উদ্বোধন, উদ্বোধক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
যাদবপুর:বইপ্রেমী মানুষের জন্য সুখবর। যাদবপুরে শুরু হল সিপিআই(এম)-এর উদ্যোগে বুক স্টল। বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসুর হাত ধরে এই বুক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হল।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের একাধিক বিশিষ্ট নেতৃত্ব ও সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কমরেড কান্তি গাঙ্গুলি, বিশিষ্ট আইনজীবী ও সাংসদ কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য কমরেড সুদীপ সেনগুপ্ত, যুব নেতা কমরেড শতরূপ ঘোষ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং বিখ্যাত নাট্যব্যক্তিত্ব কমল চট্টোপাধ্যায়।
দলীয় সূত্রে জানা গেছে, মূলত যাদবপুর-১ এবং যাদবপুর-২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই বুক স্টলটির আয়োজন করা হয়েছে। মার্কসবাদী সাহিত্য, ইতিহাস, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সহ বিভিন্ন প্রগতিশীল প্রকাশনার বই এই স্টলে পাওয়া যাবে।
শুরুর দিনেই এই বুক স্টলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয় স্টল চত্বরে। বই কেনা ছাড়াও বামপন্থী আন্দোলন ও সাহিত্য নিয়ে আলোচনায় অংশ নেন অনেকেই।