সম্প্রীতির রাখিতে বাঁধা পড়ল বেহালা, পথচলতি মানুষকে রাখি পরাল কলকাতা পুলিশ
কলকাতা: সম্প্রীতিও ভ্রাতৃত্বের বন্ধনে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ তথা বেহালা থানার উদ্যোগে আজ বরিশা হাই স্কুলের সামনে পালিত হল রাখি বন্ধন উৎসব।
পুলিশ-জনতা সম্পর্ককে আরও মজবুত করতে এই অভিনব উদ্যোগ। এদিন পথ চলতি সাধারণ মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রী, অটো চালক, বাস চালক থেকে শুরু করে সকলের হাতে রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীরা। শুধু রাখি পরানোই নয়, সকলকে মিষ্টিমুখ করিয়ে সম্প্রীতির বার্তা দেন তাঁরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ডিভিশনের ডিসি শ্রীমতী ঈশানীপাল (আইপিএস) সহ বেহালা থানার সকল পুলিশ কর্মী ও আধিকারিকবৃন্দ। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাখি বন্ধন শুধু ভাই-বোনের উৎসব নয়, এটি একে অপরকে রক্ষা করার অঙ্গীকার। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে সেই রক্ষার বন্ধনই আরও দৃঢ় করতেই এই কর্মসূচি।
#Kolkatapoliceforce #kolkatapolice