দুর্গাপুজোর আর বাকি মাত্র ৩৫ দিন। তার আগে কলকাতাবাসীর মুখে আপাতত একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। উত্তর কলকাতার রানি মা তথা বাগবাজারের পুজো এবার হবে তো? পুজো ঘিরে এখনও কাটেনি আইনি জট। তবে এর মাঝেই শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। শুরু হয়েছে প্রতিমার কাঠামো বাধার কাজ। স্থানীয়রা জানান, এখনও আইনি জট না কাটলেও বাগবাজারের পুজো হবেই।
অন্যান্য বছর এই সময়ে বাগবাজারের মাঠে প্যান্ডেলের কাজ বেশ কিছুটা এগিয়ে যায়। প্রতিমার কাঠামোয় পড়তে শুরু করে মাটির প্রলেপ। কিন্তু এবার সেই তৎপরতা দেখা না যাওয়ায় মনখারাপ ছিল বাগাবাজারের বাসিন্দাদের। সকলেই চাইছিলেন, ১০৮ বছরের পুরনো পুজো যেন কোনওভাবে বন্ধ না হয়ে যায়। উত্তরের রানি মাকে নিয়ে কলকাতাবাসীর একাধিক প্রশ্ন ও কৌতুহলের মাঝেই এবার শুরু হল বাগবাজারের পুজোর প্রস্তুতি।