ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী উদযাপন শালতোড়া ব্লক অফিসে, শ্রদ্ধা নিবেদন করলেন বিধায়ক চন্দনা বাউরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আজ ১৫ নভেম্বর, মহান আদিবাসী স্বাধীনতা সংগ্রামী তথা জননায়ক ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে শালতোড়া ব্লক অফিস প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের।
এদিন ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর আত্মত্যাগ, সংগ্রাম এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তাঁর অসামান্য অবদানকে স্মরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়া বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি, শালতোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন নাগ, শালতোড়ার বিশিষ্ট সমাজসেবী রাহুল গাঙ্গুলি, শালতোড়া ব্লক প্রশাসনের আধিকারিকবৃন্দ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভগবান বিরসা মুন্ডার জীবনসংগ্রাম, দেশপ্রেম এবং সমাজের প্রতি তাঁর অবদান আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করেই পালিত হলো এই বিশেষ জন্মজয়ন্তী অনুষ্ঠান।