
ফুটপাথে দুধ গরম বিতর্কে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। মঙ্গলবার ওই শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ যাওয়া মহিলাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন, ‘‘ফুটপাথে আর থাকতে হবে না। আমরা থাকার ব্যবস্থা করে দেব। নিশ্চিন্তে সেখানে থাকবেন।” পুরসভাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত তাঁদের থাকার ব্যবস্থা করে দিতে। এদিন তাঁদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান বরানগরের বিধায়ক সজল ঘোষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী। তাঁকে বাসস্থান নিয়ে আশ্বস্ত করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।” এপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী বিগত দুই সরকারের সমালোচনা করেন। তাঁর কথায়, ‘‘উনি (সীতাদেবী) কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। আমি জানিয়েছি, ফুটপাত থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছে তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল। সীতাদেবী এখানে এসে বলেছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি।”