কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ
অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সোহম চক্রবর্তী এবার এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ কাপুর শর্মা নামে এক কাঠমিস্ত্রি।
অভিযোগকারী রাজ কাপুর শর্মার দাবি, সোহম চক্রবর্তীর ফ্ল্যাটে কাঠের ফার্নিচারের কাজের কন্ট্রাক্ট পেয়েছিলেন তিনি। কাজের জন্য তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। এরপর কাজ প্রায় শেষ হয়ে গেলে বাকি পারিশ্রমিক চাইতে শুরু করেন তিনি। কিন্তু অভিযোগ, তাঁকে বারবার ‘আজ দেব, কাল দেব’ বলে ঘোরানো হচ্ছিল।
অভিযোগ, গতকাল সোহম চক্রবর্তীর বাড়ির এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে দেখা করতে বলেন। এরপর আজ তিনি অভিনেতার বাড়িতে যান। সেখানে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখার পর বকেয়া ৭৯০০০ টাকা চাইলে টাকা দেওয়া হবে না বলে জানানো হয়। এরপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ওই কাঠমিস্ত্রি।
শুধু তাই নয়, তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর বেহালা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রাজ কাপুর শর্মা।
এর আগেও একটি রেস্তোরাঁয় মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার ফের মারধরের অভিযোগ ওঠায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।