
মিড-ডে মিলে বড় সিদ্ধান্ত রাজ্যের, ৪ জেলায় ‘অক্ষয় পাত্র’র অনুমোদন বাতিল
মিড-ডে মিল নিয়ে ফের বিতর্ক। হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু স্কুলে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে। এবার সেই অনুমোদনই বাতিল করে দিল রাজ্য সরকার।
সূত্রের খবর, সংশ্লিষ্ট জেলার মিড-ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে ইতিমধ্যেই লিখিত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
কী ঘটেছিল?
রাজ্যে পালাবদলের পর স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নতুন সরকার। জানানো হয়েছিল, কলকাতায় এই প্রকল্প সফল হলে জেলার স্কুলগুলিতেও দায়িত্ব দেওয়া হবে ইসকনকে।
কিন্তু কলকাতায় প্রকল্প চালু হওয়ার পর থেকেই একাধিক অভিযোগ ওঠে। স্কুলে খাবার পৌঁছতে দেরি, শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে সরকার পড়ুয়াদের জন্য আলাদাভাবে ডিম দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে কলকাতার সব স্কুল এখনও ইসকনের আওতায় আসেনি, দায়িত্ব সামলাচ্ছে ‘অন্নামৃত ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা।
এর মধ্যেই স্কুলশিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে মিড-ডে মিল সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে ‘অক্ষয় পাত্র’ সংস্থা এবং সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু সেই অনুমোদনই এবার বাতিল করা হল।
ইসকনের চিঠি
এর আগে হাইকোর্টে মিড-ডে মিল সংক্রান্ত একটি মামলায় ইসকন নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। চিঠি দিয়ে তারা জানায়, কলকাতা পুরসভা এলাকার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হয়নি। রাজ্যের কোথাও মিড-ডে মিলের কাজে ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস’ (ইসকন) যুক্ত নয়। কলকাতায় মিড-ডে মিল সরবরাহ করে ‘অন্নামৃত ফাউন্ডেশন’, যা ইসকনের পরিচালন সমিতি থেকে সম্পূর্ণ পৃথক।