
২৪ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, পরীক্ষা শেষে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান মিলল বিয়ের আসরে
ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট:
ইকফাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিএমএলটি পড়ুয়া এক কলেজছাত্রীর সন্ধান মিলল প্রায় ২৪ ঘণ্টা পর। জানা গেছে, পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে যোগাযোগ না করে তিনি তাঁর পরিচিত এক যুবকের সঙ্গে চলে যান এবং পরে দু’জনে বিয়ে করেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
খোয়াই থানার অন্তর্গত লালছড়া এলাকার ওই যুবতী পড়াশোনার কারণে আগরতলার হলিক্রস কলেজের পাশে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। বুধবার ইকফাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার পর দুপুর আড়াইটার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরীক্ষা শেষ হলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।
পরিবারের পক্ষ থেকে বুধবার রাতেই লেফুঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি খোয়াইয়ের অ্যাডিশনাল এসপির কাছেও জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
এরপর পুলিশি তৎপরতার মধ্যেই যুবতীর সন্ধান মেলে। পরিবারের দাবি, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি নিজের সিদ্ধান্তে পরিচিত এক যুবকের সঙ্গে চলে যান এবং পরে বিয়ে করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
দীর্ঘ সময় ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় থাকা পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে পান। ঘটনাটি ঘিরে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে।