প্রোমোটারের কাছ থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ। জনতার দরবারে অভিযোগ জানাতেই গ্রেপ্তার দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু-সহ তিনজন। এই মামলায় নাম জড়িয়েছে আরও একাধিকের। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, দমদমের এক প্রোমোটারের কাছ থেকে নির্মাণকাজের জন্য কোটি কোটি টাকা আদায় করেন দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু ও তাঁর শাগরেদরা। এক পর্যায়ে ঘটনার জল গড়ায় মুখ্যমন্ত্রী পর্যন্ত। জনতার দবরারে গিয়ে শুভেন্দু অধিকারীকে গোটা বিষয়টা জানান ওই প্রোমোটার। এরপরই তদন্ত শুরু করে দমদম থানার পুলিশ। দু’দিনের মধ্যেই তোলাবাজির অভিযোগেই গ্রেপ্তার বঙ্কু। সেই সঙ্গে দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পর্ণা দাসের ছেলে নয়নাশিস দাস ওরফে জনি এবং দমদমের তিন নম্বর ওয়ার্ডের সিন্ডিকেটের মাথা বলে পরিচিত সুমন্ত ঘোষ ওরফে লালটুকেও গ্রেপ্তার করা হয়েছে।