
ব্লু লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, মেট্রো স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে আগামী রবিবার। তাই ওইদিন আংশিকভাবে ব্যাহত হতে চলেছে মেট্রো পরিষেবা। শুক্রবার সন্ধ্যায় কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইনের বেশ কিছুটা অংশে চলবে না মেট্রো। সন্ধ্যার পর অবশ্য স্বাভাবিক হয়ে যাবে গোটা ব্লু লাইনের মেট্রো পরিষেবা।রবিবার, ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনের মেট্রোয় একযোগে একাধিক কাজ চলবে। ট্রাফিক ও পাওয়ার ব্লকের পাশাপাশি গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ হবে। তার জন্য মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত রবিবার নির্দিষ্ট সময়সূচি মেনে চলবে মেট্রো। সন্ধ্যার পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা ব্লু লাইনে পরিষেবা পাবেন যাত্রীরা। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কাজের জন্য আংশিক মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।