ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত হবে নাক-কান-গলা পরিষেবা
উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যুক্ত হল অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।
ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে হাসপাতালে বসানো হল অত্যাধুনিক মাইক্রোস্কোপ সহ নাক, কান ও গলা বিভাগের একাধিক উন্নত চিকিৎসা সরঞ্জাম।
এর ফলে ছাতনা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ স্থানীয় হাসপাতালেই নাক, কান ও গলার বিভিন্ন জটিল সমস্যার আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।
চিকিৎসকদের মতে, অত্যাধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে আরও সুবিধা হবে। বিশেষ করে নাক, কান ও গলার সূক্ষ্ম চিকিৎসায় এই সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে এই নতুন চিকিৎসা পরিকাঠামো গড়ে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দারাও। তাঁদের আশা, আগামী দিনে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে এবং চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে।