
একই ওয়ার্ডে একই দিনে দুই গৃহবধূ নিখোঁজ, কাঞ্চনমালায় চাঞ্চল্য
একই এলাকার, একই ওয়ার্ডের দুই গৃহবধূ একই দিনে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার ২ নম্বর ওয়ার্ডে। দুই পরিবারের পক্ষ থেকে নিখোঁজ গৃহবধূদের খোঁজ পেতে আমতলী থানায় পৃথকভাবে জিডি করা হয়েছে।
জানা গেছে, বুধবার ভোর আনুমানিক ৫টা নাগাদ কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা লিটন রায়ের স্ত্রী প্রিয়াঙ্কা দাস (রায়) স্বামী ও ছোট্ট পুত্রসন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হয়ে যান। একই দিন বিকেল আনুমানিক ৫টা নাগাদ মনিমুড়া এলাকার মৃত নিত্যানন্দ মজুমদারের ছেলে ইন্দ্রজিৎ মজুমদারের স্ত্রী রুমা দাস মজুমদারও স্বামী ও ছোট্ট কন্যাসন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হন।
একই দিনে দুই গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের কোনও সন্ধান পাননি। এদিকে, বৃহস্পতিবার বিকেলে লিটন রায় ও ইন্দ্রজিৎ মজুমদার পৃথকভাবে আমতলী থানায় জিডি এন্ট্রি করেন।
আমতলী থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি নিখোঁজ দুই গৃহবধূকে খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে তাঁদের আশ্বস্ত করেছেন।
অন্যদিকে, এই ঘটনায় সবচেয়ে বেশি অসহায় অবস্থায় রয়েছে দুই পরিবারের ছোট্ট সন্তানরা। বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত মায়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছে দুই শিশু। মাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তারা বারবার বলছে, “আমার মাকে বলে দাও, আমাকে একটু দেখে যেতে।” দুই শিশুর এমন আকুলতা পরিবারের সদস্যদেরও আবেগাপ্লুত করে তুলেছে।
এলাকায় দুই গৃহবধূর নিখোঁজ হওয়ার কারণ নিয়ে নানা আলোচনা চললেও, তাঁদের নিখোঁজের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ দুই গৃহবধূর সন্ধান করে তাঁদের নিরাপদে উদ্ধার করা হোক।
Ambassa, Dhalai | Nov 12, 2026