
১৪ অগস্ট ২০২৬ তারিখে আয়োজিত 'কন্যা-রত্ন' দিবসের অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প চালুর ঐতিহাসিক ঘোষণা করেছেন। এ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পূর্বতন তৃণমূল সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে 'কন্যা-রত্ন'। ধনধান্য অডিটোরিয়ামের এই অনুষ্ঠান থেকে মেয়েদের সুরক্ষা ও শিক্ষার প্রসারে রাজ্য সরকার একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে।
আগের সরকারের আমলে ছাত্রীদের বার্ষিক যে ১,০০০ টাকা দেওয়া হতো, নতুন নিয়মে তা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে।
বর্ধিত এই অনুদানের সুবিধা ছাত্রীরা আগামী শিক্ষাবর্ষ থেকে সরাসরি লাভ করবে। 'কন্যা-রত্ন' উদ্যোগের মাধ্যমে একদিনেই রাজ্যের ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে।মেয়েদের 'কন্যা-রত্ন' প্রকল্পের পাশাপাশি পড়ুয়াদের জন্য পূর্বের 'সবুজ সাথী' সাইকেল প্রদানের প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'সারথী'। ছাত্রীদের সুরক্ষায় সরকারি স্কুলগুলিতে 'রানি লক্ষ্মীবাই সেল্ফ ডিফেন্স প্রোগ্রাম' চালুর ঘোষণা করা হয়েছে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে, রাজনৈতিক বদল হলেও ছাত্রছাত্রীদের উন্নয়নের স্বার্থে সমস্ত রকম জনকল্যাণমুখী প্রকল্প রাজ্য সরকার আরও উন্নতভাবে চালিয়ে যাবে।