
বেসরকারি হাসপাতালে এবার দু'ফুট অন্তর বেড! কড়া পদক্ষেপে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন
_কাল বিশ্ব রোগী সুরক্ষা দিবস, তার আগেই আজ ফুল বেঞ্চের বৈঠক, র্যাম্প থেকে নার্সিং স্টাফ - সবেতেই কড়া নজরদারি_
*কলকাতা:* সরকারি হাসপাতালের পাশাপাশি এবার বেসরকারি হাসপাতালেও কড়া নজরদারি। রোগী সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর ১০ জন রোগীর মধ্যে ১ জন স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন। সেই ক্ষতি যতটা সম্ভব এড়াতেই এই উদ্যোগ।
কাল ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস। তার ঠিক আগের দিন, আজ দুপুর ৩টে থেকে রাজ্যে পালাবদলের পর প্রথমবার ফুল বেঞ্চের বৈঠকে বসছে কমিশন।
বৈঠকে কী কী থাকছে আলোচনায়?
সূত্রের খবর, এবার বেসরকারি হাসপাতালগুলির জন্য বেশ কিছু বাধ্যতামূলক নিয়ম জারি হতে চলেছে -
১. দু'ফুটের দূরত্ব: হাসপাতাল থেকে সংক্রমণ ছড়ানো ঠেকাতে দুটি বেডের মধ্যে ন্যূনতম ২ ফুট দূরত্ব রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এতদিন গায়ে গায়ে বেড বসিয়ে রোগী রাখার যে অভিযোগ উঠত, এবার তাতে লাগাম পরানো হবে।
২. র্যাম্প বাধ্যতামূলক: প্রতিটি বেসরকারি হাসপাতালে র্যাম্প তৈরি করতে হবে। কমিশনের সদস্য ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, র্যাম্প না থাকলে লিফটের আকার বড় করতে হবে, যাতে স্ট্রেচার সহজে যাতায়াত করতে পারে।
৩. নার্সিং স্টাফ:নিয়ম অনুযায়ী, ৫ জন রোগী পিছু একজন জিএনএম স্টাফ থাকা বাধ্যতামূলক। তা মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
৪. আচমকা পরিদর্শন:এবার থেকে অকস্মাৎ হাসপাতাল পরিদর্শন করবে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের টিম।
আজকের বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের নতুন চেয়ারপার্সন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, মৌমিতা গোদারা বসু (আইএএস), ডা. সুভাষচন্দ্র বিশ্বাস, ডা. সুশান্তকুমার বন্দ্যোপাধ্যায়, ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ডা. সন্দীপ রায়, ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই রোগী পরিষেবায় স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। যাতে রোগী বা রোগীর পরিজনকে কোনও সমস্যায় পড়তে না হয়, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। বিশ্ব রোগী সুরক্ষা দিবসের প্রাক্কালে আজকের এই ফুল বেঞ্চ বৈঠক তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।