মালদা প্রতিদিন নিউজঃ পুজোর মুখে বন্ধ গয়েশপুরের AB মৌরি কারখানা, দুশ্চিন্তায় একশো শ্রমিকের পরিবার*
*গয়েশপুর, ১৩ নভেম্বর:* পুজোর মুখে কল্যাণী শিল্পনগরী গয়েশপুরে বন্ধ হয়ে গেল AB মৌরি কারখানা। আর এই ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রায় একশো শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
শুক্রবার সকাল থেকে একে একে কারখানার গেটের সামনে জড়ো হতে শুরু করেন শ্রমিকরা। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হয় বিক্ষোভ ও আন্দোলন।
শ্রমিকদের অভিযোগ, সংস্থাটি লাভজনক অবস্থায় চলছিল। তা সত্ত্বেও কেন হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া হল, তা তাঁরা কিছুতেই বুঝতে পারছেন না।
এই ঘটনার জন্য ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন শ্রমিকরা। এদিন ম্যানেজমেন্টের বিরুদ্ধে সংগঠিতভাবে আন্দোলন করেন তাঁরা।
তাঁদের দাবি, অবিলম্বে কারখানা খুলতে হবে এবং শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে হবে। পুজোর মুখে এভাবে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো নিয়ে সংশয়ে পড়েছেন তাঁরা।
এই বিষয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন শ্রমিকরা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, তাঁদের সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
আপাতত কারখানা খোলার আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছেন শ্রমিক পরিবারগুলি।