সাগরদিঘীতে পুলিশের বড় সাফল্য! প্রায় ৬ লক্ষ টাকার জাল নোটসহ আটক ১।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ জাল নোট। সাগরদিঘী থানার পুলিশের তৎপরতায় প্রায় ৬ লক্ষ টাকার জাল নোটসহ আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘীর মোরগ্রাম এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে জাল নোট হাত বদলের আগেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ । এরপর পুলিশি তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ জাল নোট।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তির কাছে প্রায় ৬ লক্ষ টাকার জাল নোট ছিল। তবে এই জাল নোটগুলো ঠিক কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, সে বিষয়ে এখনও মুখ খোলেনি অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির পরিচয় এবং পুরো নেটওয়ার্কের খোঁজখবর নিতে বর্তমানে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কোথা থেকে এই জাল চক্র পরিচালিত হচ্ছিল, তা খতিয়ে দেখছেন সাগরদিঘী থানার পুলিশ।