*মাছ ধরে কাকদ্বীপ মৎস্য বন্দরে ফেরার পথে নদীর প্রবল স্রোতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী। এখনও মেলেনি খোঁজ। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে চলছে তল্লাশি।
গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার বনশ্যামনগর বেরার টেঁকা সংলগ্ন তিনমাথা নদীতে। নিখোঁজ মৎস্যজীবীর নাম কৃষ্ণ দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের ‘এফবি সাবিত্রী’ নামে একটি মৎস্য ট্রলার গত ১৫ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। জামাইষষ্ঠীর বাজার উপলক্ষে মাছ নিয়ে ট্রলারটি কাকদ্বীপে ফিরছিল। সেই সময় পাথরপ্রতিমায় ঢোকার মুখে তিনমাথা নদীর প্রবল স্রোতের মধ্যে পড়ে ট্রলারটি। ট্রলারের মাথায় বসে থাকা অবস্থায় অসাবধানতাবশত নদীতে পড়ে যান কাকদ্বীপের অক্ষয় নগরের বাসিন্দা কৃষ্ণ দাস।
ঘটনার পরেই ট্রলারের অন্যান্য কর্মীরা উদ্ধারকাজে নামেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তার খোঁজ না মেলায় খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায়। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভম সরকারের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। লঞ্চ ও ট্রলার নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান।ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর কোনও সন্ধান মেলেনি।