ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চলছে আজও বৃষ্টি, গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে প্রশাসনের লাগাতার মাইকিং
আজ উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান।ভিনরাজ্যের উপকূলে ল্যান্ডফল হলেও, এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোর দু-এক জায়গায় অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। দুর্যোগের কথা মাথায় রেখে ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলোতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।আজ সকাল থেকেই গঙ্গাসাগরে প্রশাসনের তরফ থেকে চলছে লাগাতার মাইকিং প্রচার। কপিল মুনির আশ্রমের সামনে সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা টহল দিচ্ছেন। মাইকিং করে পুণ্যার্থী ও পর্যটকদের অবিলম্বে সমুদ্র থেকে উঠে আসার অনুরোধ জানানো হচ্ছে এবং তাঁদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের রেশ আজকের পর কাটলেও আগামী ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৪ নভেম্বর থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে।
#South24Parganas #gangasagarmela #Sundarbon