ধূপ কিনতে গিয়ে দোকানদারের যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত দোকানদার।
বাড়ির পাশের দোকান থেকে ধূপ কিনতে গিয়ে এক নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই নক্কারজনক ঘটনায় এলাকার এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত গাজীপুর এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাবালিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে বাড়ির কাছের একটি দোকানে ধূপ আনার জন্য পাঠানো হয়েছিল ওই নাবালিকাকে। অভিযোগ, সেই সুযোগে দোকানের মালিক রউফ মীর ওই নাবালিকাকে নানাভাবে ভুল বোঝায় এবং প্রলোভন দেখিয়ে পাশের একটি ঝুপড়িতে নিয়ে যায়। সেখানেই ওই নাবালিকার উপর নির্যাতন ও ধর্ষণ চালানো হয় বলে অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার।
পরিবারের দাবি, এই গুরুতর অপরাধ ঘটানোর পরও অভিযুক্ত এখানেই থেমে থাকেনি। ঘটনার কথা বাড়িতে বা অন্য কাউকে জানালে নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভয়ে ও আতঙ্কে প্রথমে বিষয়টি চেপে রাখার চেষ্টা করেছিল ওই নাবালিকা। শেষ পর্যন্ত নাবালিকার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা তাকে চাপ দেন এবং জিজ্ঞাসাবাদ করেন। তখনই কান্নায় ভেঙে পড়ে গোটা ঘটনার কথা পরিবারকে জানায় ওই নাবালিকা। মেয়ের মুখে এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। এরপর আর দেরি না করে শুক্রবার রাতে কুলপি থানায় যান নাবালিকার মা। অভিযুক্ত দোকানদার রউফ মীরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় কুলপি থানার পুলিশ। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রউফ মীরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারার পাশাপাশি শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন বা পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেই অভিযুক্তকে গ্রেফতার করার পর আজ তাকে আদালতে তোলা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, নিয়মমাফিক ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করতে এবং সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। এই ঘটনার জেরে গাজীপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।ধূপ কিনতে গিয়ে একরত্তি মেয়ের এমন পরিণতির ঘটনায় শোকাহত ও আতঙ্কিত এলাকাবাসী। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
#South24Parganas