“যেতে নাহি দিবো, তবু যেতে দিতে হয়”—এই আবেগঘন অনুভূতিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার সাবলদহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক স্মরণীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক মহাশয় এবং শিক্ষিকা সাধনা রায় মহাশয়া দীর্ঘদিন নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে শিক্ষাদান করার পর অবসর গ্রহণ করেন। তাঁদের কর্মজীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকারা। দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
শিক্ষক ও শিক্ষিকার অবসর গ্রহণে বিদ্যালয়ে যেমন তৈরি হয়েছে শূন্যতার অনুভূতি, তেমনই তাঁদের আগামী জীবনের জন্য রইল সুস্থতা, শান্তি ও শুভকামনা। তাঁদের দীর্ঘদিনের শিক্ষা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা উপস্থিত সকলের।