ফের দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতার রঘুনাথগঞ্জে, আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে দুই আসামির পলায়ন
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের দুই বাংলাদেশি নাগরিক গ্রেফতারকে ঘিরে চাঞ্চল্য। তবে আদালতে নিয়ে যাওয়ার পথেই পুলিশের গাড়ি থেকে দুই আসামির পালানোর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পলাতক দুই আসামির মধ্যে একজনকে পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হলেও, মোহাম্মদ রুবেল শেখ নামে অপর আসামি এখনও পুলিশের নাগালের বাইরে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও নথিপত্র খতিয়ে দেখার পর তাঁদের মধ্যে আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পাওয়া যায়। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ পাঁচ আসামিকে নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কিছু কাগজপত্রের জেরক্স করানোর জন্য এক পুলিশকর্মী গাড়ি থেকে নামেন। সেই সুযোগেই দুই বাংলাদেশি আসামি পুলিশের গাড়ি থেকে চম্পট দেয় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই এক পলাতক আসামিকে খুঁজে পায় পুলিশ। তবে মোহাম্মদ রুবেল শেখ খড়খড়ি নদী পার করে গোপালনগর এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে।
এরপর থেকেই জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রায় ছয় ঘণ্টা ধরে জঙ্গলের ভিতরে পলাতক বাংলাদেশি আসামির খোঁজ চলছে। একবার স্থানীয় বাসিন্দারাও জঙ্গলের মধ্যে রুবেলকে দেখতে পান বলে দাবি করা হয়েছে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই ফের জঙ্গলের ভিতরে গা-ঢাকা দেয় সে।
কীভাবে দুই আসামি পুলিশের নিরাপত্তা এড়িয়ে গাড়ি থেকে পালাল, সেই ঘটনায় কোনও গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক মোহাম্মদ রুবেল শেখকে ধরতে জঙ্গলের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কী উদ্দেশ্যে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতে এসেছিল এবং তাঁদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।