তারাতলা রোডে উল্টে গেল মালবাহী কন্টেনার, তীব্র যানজট
কলকাতা:ফের দুর্ঘটনা তারাতলা রোডে। তারাতলা থানার অন্তর্গত ব্রেস ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার উপর আচমকাই উল্টে যায় একটি মালবাহী কন্টেনার।
শনিবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি রাস্তার মাঝখানেই উল্টে যায়। তার জেরে তারাতলা রোড এবং ব্রেস ব্রিজমুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস ফেরত টাইমে এই দুর্ঘটনার ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। গাড়ির লম্বা লাইন পড়ে যায় মাঝেরহাট থেকে তারাতলা পর্যন্ত।
ঘটনার খবর পেয়েই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দ্রুত ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া কন্টেনারটি সরানোর কাজ শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কন্টেনারটি সরাতে বেশ কিছুটা সময় লাগবে। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।